রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরি করায় গ্রেপ্তার ৩
দি নিউজ লায়ন ; রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরির অভিযোগে শুক্রবার রাতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তেল চুরি চক্রের ৩ পান্ডাকে গ্রেপ্তার করল। ধৃতেরা হল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা সুমন ব্যানার্জি, কুসুম প্রধান এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাসিন্দা রঞ্জন বাকুলি। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রশাসন সূত্রে খবর দীর্ঘদিন ধরেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরি করেছিল দুষ্কৃতীরা। সম্প্রতি বাগনানের নাওপালার কাছে একইভাবে তেল চুরির খবর আছে সংস্থার কাছে। এর পরেই তেল সংস্থার পক্ষ থেকে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পরে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। জানা গেছে বিভিন্ন জায়গায় তেল সরবরাহের জন্য সংস্থার পাইপ পাতা আছে। তারমধ্যে একাধিক নির্জন জায়গায় এই পাইপ পাতা আছে। সূত্রের খবর দুষ্কৃতীরা তেল চুরির জন্য এইসব নির্জন জায়গাকে বেছে নেয়।
সূত্রের খবর পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহের মাঝে কিছুক্ষণের জন্য তেল সরবরাহ বন্ধ থাকে। দুষ্কৃতীরা সেই সুযোগকে কাজে লাগিয়ে পাইপলাইন ফুটো করে সেখানে নিপিল লাগিয়ে দিত। পরে সুযোগ বুঝে সেইখান থেকে তেল বার করে ট্যাংকারে ভর্তি করে বাজারে বিক্রি করত। বিষয়টি নিয়ে উলুবেড়িয়ার এসডিপিও অনিমেষ রায় জানান অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারা জড়িত তার তদন্ত চালানো হবে।

Post a Comment